ইরানকে ধ্বংসের অলীক স্বপ্ন দেখছেন হামলাকারীরা: প্রেসিডেন্ট পেজেশকিয়ান
আন্তর্জাতিক ডেস্ক
যারা ইরানকে ধ্বংস করার স্বপ্ন দেখছেন, তারা মূলত একটি ‘ভুল ধারণার’ মধ্যে আছেন বলে সতর্কবার্তা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
এক্সে দেওয়া ওই পোস্টে পেজেশকিয়ান লিখেছেন, “ইতিহাসের দীর্ঘ ও কঠিন পথচলায় কোনো শক্তিই এই গৌরবময় নামটি, অর্থাৎ ইরানকে মুছে ফেলতে পারেনি। যারা ইরানকে ধ্বংস করার অলীক স্বপ্ন দেখছেন, তারা ইতিহাস সম্পর্কে কিছুই জানেন না।”
ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, ইতিহাস সাক্ষ্য দেয় যে বিভিন্ন সময় অনেক হামলাকারী এসেছে এবং চলে গেছে, কিন্তু ইরান টিকে রয়েছে। তিনি উল্লেখ করেন, ইরান অন্তত ছয় হাজার বছরের পুরনো এক সভ্যতার উত্তরাধিকার বহন করছে।
এদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতের ১১তম দিনে মঙ্গলবার ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ বলেছেন, যুদ্ধ পরিস্থিতিতে ইরান ‘চোখের বদলে চোখ’ নীতি অনুসরণ করবে। তিনি জানান, যেকোনো ধরনের আগ্রাসনের জবাব তাৎক্ষণিক ও যথাযথভাবে দেওয়া হবে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া আরেকটি পোস্টে গালিবাফ লিখেছেন, কোনো আগ্রাসনই বিনা জবাবে ছেড়ে দেওয়া হবে না। তিনি বলেন, আজ আমরা কোনো দ্বিধা ছাড়াই এবং কোনো ব্যতিক্রম ছাড়া ‘চোখের বদলে চোখ’ নীতির ঘোষণা দিচ্ছি।
তিনি আরও বলেন, যদি ইরানের অবকাঠামোর ওপর হামলা চালানো হয়, তাহলে তার পাল্টা জবাবে ইরানও হামলাকারীদের অবকাঠামোকে লক্ষ্যবস্তু করবে।
সূত্র: আল জাজিরা, এএফপি





