পথচারীকে মারধর: মনিকা কবিরকে লিগ্যাল নোটিশ
রাজধানীর গুলশানে সাধারণ পথচারীকে মারধরের ঘটনায় বিতর্কিত রুশ-বাংলা মডেল ও কনটেন্ট ক্রিয়েটর মনিকা কবিরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। এই নোটিশ বুধবার (১১ মার্চ) সুপ্রিম কোর্টের আইনজীবী জান্নাতুল ফেরদৌস ডাকযোগে পৌঁছে দেন।
নোটিশে মনিকা কবিরকে অনতিবিলম্বে এ ধরনের অশালীন কনটেন্ট বানানো থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও তাকে ফেসবুক থেকে বিতর্কিত ওই ভিডিওটি সরিয়ে নেওয়ার জন্যও বলা হয়েছে। নোটিশে নির্দেশ দেওয়া হয়েছে, বাংলাদেশে তার অবস্থান, বৈধ ওয়ার্ক পারমিট এবং ভিসার স্বচ্ছতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট তথ্যও উপস্থাপন করতে হবে।
লিগ্যাল নোটিশে আরও বলা হয়েছে, সাত দিনের মধ্যে এসব বিষয়ে যথাযথ ব্যবস্থা না নিলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ ১৯৭৬, সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ এবং বাংলাদেশ দণ্ডবিধি ১৮৬০-এর ধারার অধীনে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার সূত্রপাত গত মঙ্গলবার (১০ মার্চ) রাজধানীর গুলশান এলাকায়। অভিযোগ আছে, মনিকা কবির রাস্তার মাঝখানে দাঁড়িয়ে ভিডিও ধারণ করার সময় এক সাধারণ পথচারী তার দিকে তাকালে ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করেন। পরে তিনি হাসিমুখে উড়ন্ত চুমু দেন। ঘটনার পর মনিকা নিজেই ভিডিওটি ফেসবুকে প্রকাশ করেন।
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হবার সঙ্গে সঙ্গে নেটিজেনদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই ঘটনার সঠিক তদন্ত ও মনিকাকে গ্রেপ্তারের দাবি জানান। নেটিজেনরা অভিযোগ করেছেন, ভিডিওটি শুধু ভাইরাল হওয়ার উদ্দেশ্যেই প্রকাশ করা হয়েছে।
স্থানীয় সূত্রের ধারণা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শিগগিরই ভিডিওটির সত্যতা যাচাই করবে এবং প্রয়োজন অনুযায়ী আইনি পদক্ষেপ গ্রহণ করতে পারে। এ বিষয়ে সুপরিকল্পিত তদন্তের মাধ্যমে মনিকার কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট আইনগত প্রক্রিয়া দ্রুত শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।




