নিজস্ব প্রতিবেদক, ভালুকা
ময়মনসিংহের ভালুকাকেন্দ্রিক ভ্রমণ সংগঠন ভালুকা ট্রাভেল ওয়ার্ল্ড তাদের প্রথম ট্যুরের মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে একটি বাসে ৪০ জন ভ্রমণপ্রেমীকে নিয়ে সংগঠনটির প্রথম ভ্রমণ শুরু হয় চট্টগ্রামের সীতাকুণ্ডের উদ্দেশে।
আয়োজকদের তথ্য অনুযায়ী, দুই রাত ও এক দিনের এই সফরে অংশগ্রহণকারীরা সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়, চন্দ্রনাথ মন্দির, গুলিয়াখালী সমুদ্রসৈকত এবং আশপাশের ঝরনাসহ বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখবেন।
সফরে অংশগ্রহণকারীদের সার্বিক তত্ত্বাবধান ও ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছেন সংগঠনটির অন্যতম অ্যাডমিন আরাফাত সানি ও এইচ আর রাফি। ভ্রমণজুড়ে যাত্রীদের নিরাপত্তা ও প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে তাঁরা দায়িত্ব পালন করবেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।
ভালুকা ট্রাভেল ওয়ার্ল্ডের প্রতিষ্ঠাতা ও অ্যাডমিন ইমন তালুকদার সাগর বলেন, “ভ্রমণ শুধু এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার বিষয় নয়; এটি নতুন অভিজ্ঞতা অর্জন, নতুন মানুষের সঙ্গে পরিচয় এবং স্মরণীয় মুহূর্ত তৈরি করার একটি সুযোগ। প্রথম ট্যুরেই ৪০ জন ভ্রমণপ্রেমীকে নিয়ে যাত্রা শুরু করতে পেরে আমরা আনন্দিত। ভবিষ্যতে দেশের বিভিন্ন পর্যটন গন্তব্যে নিরাপদ, সাশ্রয়ী ও মানসম্মত ভ্রমণের আয়োজনের মাধ্যমে ভ্রমণপ্রেমীদের আস্থার একটি প্ল্যাটফর্ম গড়ে তুলতে চাই।”
আয়োজকদের আশা, প্রথম ট্যুরের সফল আয়োজনের মধ্য দিয়ে ভালুকা ট্রাভেল ওয়ার্ল্ড স্থানীয় ভ্রমণপ্রেমীদের জন্য একটি নির্ভরযোগ্য ভ্রমণ সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত হবে।
প্রিন্ট করুন
ফটো কার্ড
এ জাতীয় আরো খবর..