Homeময়মনসিংহভালুকায় পুরোনো ছবির টানে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ভালুকায় পুরোনো ছবির টানে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিনিধি
ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে ভালুকায় এক আবেগঘন মুহূর্তের জন্ম দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৩ মে) দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় নেতাকর্মীদের শুভেচ্ছা গ্রহণের সময় একটি পুরোনো আলোকচিত্র তাঁর দৃষ্টি আকর্ষণ করলে তিনি হঠাৎ গাড়িবহর থামিয়ে ছবিটি হাতে থাকা এক নারীকে বাসে ডেকে নেন।
স্থানীয় সূত্র জানায়, ত্রিশালের দরিরামপুর নজরুল একাডেমি প্রাঙ্গণে তিন দিনব্যাপী জাতীয় নজরুল জন্মজয়ন্তী উৎসবের উদ্বোধনে অংশ নিতে সকালে সড়কপথে ঢাকা থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী। তাঁর সফরকে ঘিরে ভালুকা উপজেলায় সকাল থেকেই উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। সড়কের দুই পাশে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, সাধারণ মানুষ এবং বীর মুক্তিযোদ্ধারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাঁকে স্বাগত জানান।
দুপুরে প্রধানমন্ত্রীর গাড়িবহর ভালুকা বাসস্ট্যান্ডের ওভারব্রিজ এলাকা অতিক্রম করার সময় ধীরগতিতে চলা বহর থেকে তিনি উপস্থিত জনতার উদ্দেশে হাত নাড়ছিলেন। এ সময় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা এক নারীর হাতে বাঁধানো একটি পুরোনো ছবির ফ্রেম তাঁর নজরে আসে। সঙ্গে সঙ্গেই তিনি গাড়ি থামিয়ে ওই নারীকে বাসে ডেকে নেন এবং কুশল বিনিময় করেন।
ওই নারীর নাম মোছা. মলি আক্তার। তিনি সাবেক পুলিশ সদস্য মরহুম আব্দুল হাইয়ের কন্যা এবং ভালুকা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মরহুম আবুল হাসেমের ভাতিজি। তাঁর হাতে থাকা ছবিটি ছিল ১৯৯১ সালের একটি স্মরণীয় রাজনৈতিক মুহূর্তের দলিল। ছবিতে দেখা যায়, ভালুকা ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত এক জনসভায় বক্তব্য দিচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং তাঁর পাশে বসে আছেন আবুল হাসেম। সে সময় মলি আক্তারের মা মঞ্চে উঠে ফুল দিয়ে খালেদা জিয়াকে শুভেচ্ছা জানিয়েছিলেন।
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের অভিজ্ঞতা জানাতে গিয়ে আবেগাপ্লুত মলি আক্তার বলেন, “প্রধানমন্ত্রী ভালুকা হয়ে ত্রিশালে যাবেন শুনে আমরা সকাল থেকেই অপেক্ষা করছিলাম। তাঁর নজরে আনার জন্যই ছবিটি হাতে নিয়েছিলাম। তিনি ছবিটি দেখে গাড়ি থামিয়ে আমাকে বাসে ডাকেন। অত্যন্ত আন্তরিকভাবে পরিবারের খোঁজখবর নেন। পরে আমি সেই স্মৃতিবিজড়িত ছবিটি তাঁকে উপহার দিই এবং তিনি হাসিমুখে গ্রহণ করেন।”
উল্লেখ্য, জাতীয় নজরুল জন্মজয়ন্তী উৎসবে অংশ নেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী আজ ত্রিশালে ১৯৭৯ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর উদ্যোগে খনন করা ঐতিহাসিক ‘ধরার খাল’ পুনঃখনন কাজেরও উদ্বোধন করবেন। ভালুকায় তাঁর এই সংক্ষিপ্ত যাত্রাবিরতি ও সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলার ঘটনাটি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments