Homeসারাদেশভালুকায় দলীয় কোন্দলের জেরে ছেলের গুলিতে আহত বাবা

ভালুকায় দলীয় কোন্দলের জেরে ছেলের গুলিতে আহত বাবা

নিজস্ব প্রতিনিধি
ময়মনসিংহের ভালুকায় বাবা ও ছেলের পৃথক দুই রাজনৈতিক গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় নিজ ছেলের পিস্তলের গুলিতে বাবা খোকা মিয়া (৫০) গুরুতর আহত হয়েছেন।

রোববার (১২ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে উপজেলার জামিরদিয়া নারিশের গেইট এলাকায় এ ঘটনা ঘটে।

আহত খোকা মিয়া উপজেলার জমিরদিয়া মাস্টার বাড়ি এলাকার আব্দুল মিয়ার ছেলে। তিনি ভালুকা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। অন্যদিকে ছেলে তোফায়েল আহমেদ রানা উপজেলা হবিরবাড়ি ইউনিয়ন যুবদল নেতা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খোকা মিয়া ধানের শীষ প্রতীকের প্রার্থী ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর সমর্থক ছিলেন। আর খোকা মিয়ার ছেলে রানা ছিলেন বিএনপির মনোনয়নবঞ্চিত স্বতন্ত্র হরিণ প্রতীকের প্রার্থী মো. মোর্শেদ আলমের সমর্থক। এ নিয়ে বাবা ছেলের মধ্যে বিরোধ চলে আসছিল।

রোববার দুপুর আড়াইটার দিকে নির্বাচনের পর থেকে বন্ধ থাকা নারিশের মোড়ের রাজনৈতিক কার্যালয় খুলে বসেন ছেলে রানা। বিষয়টি বাবা দেখতে পেয়ে কার্যালয় বন্ধ করতে বলেন। এ নিযে বাবা-ছেলের মধ্যে বাগ্‌বিতণ্ডার এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে রানা তার বাবাকে লক্ষ্য করে গুলি ছোড়েন। একই সময় রানার সহযোগীরা খোকা মিয়ার সঙ্গে থাকা লোকজনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে এবং কার্যালয়ের ভেতরের আসবাবপত্র ভাঙচুর করে।

পরে স্থানীয়রা আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে গুলিবিদ্ধ খোকা মিয়াকে গুরুতর আহত অবস্থায় কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. নজরুল ইসলাম বলেন, নির্বাচনি দ্বন্দ্বে আহত অবস্থায় খোকা মিয়া নামে একজনকে হাসপাতালে আনা হয়েছে। খোকা মিয়ার শরীরে কোপ ও গুলির চিহ্ন রয়েছে।

এ বিষয়ে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম বলেন, বাবা- ছেলের সংঘর্ষের ঘটনায় দু’জন আহত হয়েছে। তাদের মাঝে খোকা মিয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments