আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সাক্ষাৎ
নিজস্ব প্রতিনিধি
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকিরের সঙ্গে সুহেল দাউদের নেতৃত্বে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান ও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এবং অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের চার সদস্যের প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছে। বুধবার (১১ মার্চ) পুলিশ সদর দফতরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে প্রতিনিধিদলের প্রধান বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধি এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। বিশেষ করে সাইবার নিরাপত্তা শক্তিশালী করা, সাইবার কমপ্লেইন সেন্টার স্থাপন, সামাজিক যোগাযোগমাধ্যম তদারকি, আর্থিক অপরাধ দমন এবং প্রযুক্তিনির্ভর তদন্ত কার্যক্রমে সহায়তা দেওয়ার বিষয়টি তিনি গুরুত্বের সঙ্গে তুলে ধরেন।
এ সময় আইজিপি আলী হোসেন ফকির এফবিআই প্রতিনিধিদলের আগ্রহকে স্বাগত জানান। তিনি বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের সঙ্গে এফবিআইয়ের পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ) এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সঙ্গে সহযোগিতা বাড়ানোর বিষয়টি উল্লেখ করেন।
সাক্ষাৎকালে উভয় পক্ষ ভবিষ্যতে আরও দৃঢ় ও কার্যকর সহযোগিতা গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন।



