Homeঅর্থনীতিঈদ ঘিরে বাড়ছে রেমিট্যান্স প্রবাহ

ঈদ ঘিরে বাড়ছে রেমিট্যান্স প্রবাহ

নিউজ ডেস্ক

পবিত্র ঈদুল ফিতর ঘিরে চলতি মার্চের প্রথম ১১ দিনে দেশে এসেছে ১৯২ কোটি বা ১ দশমিক ৯২ বিলিয়ন মার্কিন ডলার। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১৭ কোটি ৪৫ লাখ ডলার রেমিট্যান্স। বৃহস্পতিবার (১২ মার্চ) এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, চলতি মার্চের ১ থেকে ১১ তারিখ পর্যন্ত দেশে মোট ১৯২ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। গত বছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ১৩৩ কোটি ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে প্রবাসী আয়ের প্রবাহ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই মাস থেকে ১১ মার্চ পর্যন্ত মোট ২ হাজার ৪৩৭ কোটি ৪০ লাখ ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। আগের বছরের একই সময়ের তুলনায় এ সময়ে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ২৩ দশমিক ২০ শতাংশ।

ব্যাংক খাত সংশ্লিষ্টরা বলছেন, ঈদুল ফিতরকে ঘিরে বিদেশে কর্মরত বাংলাদেশিরা দেশে থাকা তাদের পরিবার-পরিজনের কাছে বেশি পরিমাণ অর্থ পাঠাচ্ছেন। ঈদের কেনাকাটা, পারিবারিক ব্যয় ও অন্যান্য প্রয়োজন মেটাতে এই সময়ে রেমিট্যান্স প্রবাহ সাধারণত বেড়ে যায়। ফলে সামগ্রিকভাবে প্রবাসী আয়ের পরিমাণও বৃদ্ধি পাচ্ছে।

তবে সংশ্লিষ্টদের মতে, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত দীর্ঘস্থায়ী হলে তা ভবিষ্যতে রেমিট্যান্স প্রবাহে কিছুটা প্রভাব ফেলতে পারে।

বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে দেশে এসেছে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। এর আগের মাস জানুয়ারিতে দেশে এসেছিল ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার ডলার, যা দেশের ইতিহাসে কোনো এক মাসে আসা তৃতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এবং চলতি অর্থবছরের দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয়।

এর আগে গত ডিসেম্বরে দেশে প্রবাসীরা পাঠিয়েছিলেন ৩২২ কোটি ৬৭ লাখ মার্কিন ডলার। এটি ছিল দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ মাসিক রেমিট্যান্স এবং চলতি অর্থবছরের মধ্যে সর্বোচ্চ প্রবাসী আয়।

গত নভেম্বরে দেশে এসেছিল ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স।

এ ছাড়া গত বছরের অক্টোবর মাসে দেশে আসে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ডলার এবং সেপ্টেম্বরে আসে ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স।

এর আগে আগস্ট মাসে দেশে পাঠানো হয়েছিল ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার মার্কিন ডলার এবং জুলাই মাসে এসেছিল ২৪৭ কোটি ৮০ লাখ মার্কিন ডলার প্রবাসী আয়।

এদিকে গত ২০২৪-২৫ অর্থবছর জুড়ে বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত বাংলাদেশিরা মোট ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন। এটি দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স প্রাপ্তির নতুন রেকর্ড হিসেবে বিবেচিত হচ্ছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments