Homeসারাদেশদুপুরে দেড় লাখ টাকা জরিমানা, বিকেলে ওই দোকানের দই দিয়েই ইফতার

দুপুরে দেড় লাখ টাকা জরিমানা, বিকেলে ওই দোকানের দই দিয়েই ইফতার

নিজস্ব প্রতিনিধি

জরিমানা করা দোকানের দই দিয়েই উপজেলা প্রশাসনের ইফতার মাহফিল
ফরিদপুরে মধুখালীর বাগাট মিষ্টান্ন ভান্ডারের মালিককে দুপুরে দেড় লাখ টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. এরফানুর রহমান। একই দিন বিকেলে ওই দোকান থেকেই উপজেলা প্রশাসনের ইফতার মাহফিলের জন্য দই কেনেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রওশনা জাহান।

সোমবার (৯ মার্চ) ফরিদপুরের মধুখালীতে এ ঘটনা ঘটে। উপজেলা প্রশাসনের এমন কাণ্ডে সমালোচনা শুরু হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাগাট বাজারে রাজকুমার মিষ্টান্ন ভান্ডারের কারখানায় দুপুরের দিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. এরফানুর রহমান। এসময় কারখানায় তেলে ময়লা, মিষ্টির সিরা পুরানোসহ অপরিষ্কার ও অস্বাস্থ্যকর পরিবেশ থাকায় দেড় লাখ টাকা জরিমানা করা হয়। পরে বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে ইফতার মাহফিলের জন্য ওই দোকান থেকেই দই নেওয়া হয়। ইফতার মাহফিলে নানা খাবারের সঙ্গে ওই দোকানের দইও পরিবেশন করা হয়।
বাগাট রাজকুমার মিষ্টান্ন ভান্ডারের মালিক সুকুমার ঘোষ বলেন, দুপুরের দিকে কারখানায় নতুন ব্যারেলে তেল ছিল, যা খোলা হয়নি। ভ্রাম্যমাণ আদালত কারখানায় গিয়ে নতুন তেলের ব্যারেলের মুখ নিজেরাই খোলেন। ওইসময় তারা বলেন, তেলে ময়লা পাওয়া গেছে। এছাড়া চিনির তৈরি সিরা অনেকদিনের এমন অভিযোগ আনা হয়। যদিও আমি ওই সময় কারখানায় ছিলাম না। বিকেলে উপজেলা প্রশাসনের ইফতার মাহফিল ছিল। সেখানে আমাদের দোকান থেকেই দই কিনে নেওয়া হয়েছে। উপজেলা প্রশাসনের অফিস থেকে সহকারীরা এসে ১৩৫ কাপ দই কিনে নেন। দইয়ের দামও দিয়ে যান।

এ বিষয়ে মধুখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. এরফানুর রহমান বলেন, ‘বাগাট রাজকুমার মিষ্টান্ন ভান্ডারের কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে কারখানায় রাখা তেলে ময়লা পাওয়া যায়। চিনি দিয়ে তৈরি সিরাও কয়েকদিন আগের লক্ষ্য করা যায়। পরিবেশ অপরিচ্ছন্ন ছিল। এসব কারণে দোকানটিকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়।’

তিনি আরও বলেন, ‌‘আমার দায়িত্ব ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা। অনিয়ম পেয়েছি, এ কারণে জরিমানা করা হয়েছে। ইফতারের বিষয়টি উপজেলা প্রশাসনের।’

জানতে চাইলে মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রওশনা জাহান বলেন, ‘একটা দোকানের সব কিছুইতো খারাপ না। যেগুলো খারাপ সেগুলোর কারণে জরিমানা করা হয়েছে। সবকিছু খারাপ হলে দোকানতো সিলগালা করে দেওয়া হতো। তাতো করা হয়নি, শুধু জরিমানা করা হয়েছে।’

এ বিষয়ে ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. কামরুল হাসান মোল্লা বলেন, দুপুরে জরিমানা করে বিকেলে ওই দোকান থেকেই দই নেওয়া হয়েছে ইফতার মাহফিলের জন্য। বিষয়টি কনফ্লিক্টিং। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments