ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকা উপজেলার ডাকাতিয়া ইউনিয়নে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ আসর উপজেলার ৮ নম্বর ডাকাতিয়া ইউনিয়নের পাঁচগাঁও ঢাকির ভিটা মাদ্রাসা মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করে ওয়ার্ড বিএনপির পাঁচগাঁও (ক) শাখা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সভাপতি আলহাজ আলাউদ্দিন আকন্দ। প্রধান অতিথি ছিলেন ভালুকা থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ অন্তর।
আলোচনা সভায় বক্তারা জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, মহান মুক্তিযুদ্ধে তাঁর ভূমিকা এবং দেশের উন্নয়ন ও বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা বলেন, দেশের বিভিন্ন সংকটময় সময়ে জিয়াউর রহমানের অবদান স্মরণীয় হয়ে থাকবে এবং তাঁর আদর্শ অনুসরণ করে দেশ গঠনে কাজ করতে হবে।
ওয়ার্ড বিএনপির নেতা সেলিম আকন্দের সঞ্চালনায় অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মী, এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
আলোচনা সভা শেষে শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে উপস্থিত ব্যক্তিদের মধ্যে তবারক বিতরণ করা হয়।



