সংসদে আসেন, তারপর গণভোটের বিষয়ে সিদ্ধান্ত: স্বরাষ্ট্রমন্ত্রী
গণভোটের রায়কে সম্মান জানাতে হলে প্রথমে সংসদে অংশ নিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, গণভোটের রায় বাস্তবায়নের বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়ার সঠিক স্থান হচ্ছে সংসদ। সেখানে আলোচনার মাধ্যমেই সংবিধান সংশ্লিষ্ট বিষয়গুলো নির্ধারিত হবে।
মঙ্গলবার (১০ মার্চ) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আয়োজিত এক আলোচনাসভা, দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, গণভোটের রায়কে সম্মান জানাতে হলে আগে সংসদে যেতে হবে। সংসদে আলোচনার পর সংবিধান সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। যদি সে ক্ষেত্রে নতুন করে শপথ নেওয়ার প্রয়োজন হয়, তাহলে সেটিও নির্দিষ্ট সাংবিধানিক কাঠামো অনুসরণ করেই করা হবে।
তিনি বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারবদ্ধ। যারা দাবি করে নির্বাচনে চক্রান্তের মাধ্যমে তাদের হারানো হয়েছে, তাদের সরকার গঠনের স্বপ্ন দেখা নাজায়েজ। তিনি আরও বলেন, নির্বাচনের পর সমালোচক অনেক রাজনৈতিক দলও ওই জাতীয় সনদে স্বাক্ষর করেছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার সংবিধান মেনেই রাষ্ট্র পরিচালনা করছে। গণভোটের রায় কার্যকর করতে হলে সংসদে আলোচনা অপরিহার্য। বিএনপি তাদের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে কাজ করবে এবং সেই ধারাবাহিকতায় উপররাষ্ট্রপতির পদসহ সংবিধান সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ও বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।
তিনি বলেন, আগে সংসদে আসুন, তারপর গণভোটের বিষয়ে সিদ্ধান্ত হবে। যতটুকু বিষয়ে রাজনৈতিক ঐকমত্য হয়েছে, ততটুকু বাস্তবায়ন করা হবে। সকলের আলোচনা ও মতামতের ভিত্তিতেই সংবিধান সংশোধনের প্রক্রিয়া সম্পন্ন হবে বলে তিনি উল্লেখ করেন।



