ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকা উপজেলার ০৩ নং ভরাডোবা ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন মোঃ রেজাউল করিম সরকার (বিএসএস সম্মান, এমএসএস)। তিনি ভরাডোবা ইউনিয়নের সাবেক দুইবারের সফল চেয়ারম্যান, ভরাডোবা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এবং ভালুকা থানা বিএনপির সাবেক সদস্য মরহুম আলহাজ্ব আবদুল আউয়াল সরকারের দ্বিতীয় ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মরহুম আলহাজ্ব আবদুল আউয়াল সরকার তাঁর কর্মজীবনে একজন সৎ, ন্যায়পরায়ণ ও জনবান্ধব জনপ্রতিনিধি হিসেবে ব্যাপক সুনাম অর্জন করেছিলেন। ইউনিয়নের বিভিন্ন সামাজিক ও পারিবারিক বিরোধ নিষ্পত্তিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন। নিরপেক্ষ বিচার, সততা ও জনসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছিলেন।
স্থানীয়দের মতে, আবদুল আউয়াল সরকার ছিলেন অহংকারমুক্ত একজন গণমানুষের নেতা। ছোট-বড় সকল শ্রেণি-পেশার মানুষের সুখ-দুঃখে তিনি পাশে দাঁড়াতেন এবং অন্যায় ও অবিচারের বিরুদ্ধে ছিলেন আপসহীন। রাজনৈতিক জীবনেও তিনি বিএনপির একজন নিবেদিতপ্রাণ নেতা ছিলেন। তিনি দীর্ঘদিন ভরাডোবা ইউনিয়ন বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেন এবং ভালুকা থানা বিএনপির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি দলের আদর্শ ও জনগণের কল্যাণে কাজ করে গেছেন।
এদিকে তাঁর সুযোগ্য সন্তান মোঃ রেজাউল করিম সরকার শিক্ষাজীবনে বিএসএস (সম্মান) ও এমএসএস ডিগ্রি অর্জন করেছেন। তিনি ভরাডোবা ইউনিয়ন শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ রক্ষা করে বিভিন্ন সামাজিক, শিক্ষা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে তিনি ইউনিয়নবাসীর কাছে একজন পরিচিত ও গ্রহণযোগ্য মুখ হিসেবে আত্মপ্রকাশ করেছেন।
মোঃ রেজাউল করিম সরকার বলেন, “আমার পিতা আজীবন মানুষের সেবা করে গেছেন। তাঁর আদর্শ, সততা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডকে অনুসরণ করে আমিও ভরাডোবা ইউনিয়নের মানুষের পাশে থাকতে চাই। ইউনিয়নবাসী যদি আমাকে যোগ্য মনে করেন, তাহলে তাদের সেবা করার সুযোগ চাই। মানুষের ভালোবাসা ও সমর্থন পেলে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হব।”
স্থানীয় সচেতন মহলের একটি অংশ মনে করছেন, মরহুম আলহাজ্ব আবদুল আউয়াল সরকারের সৎ নেতৃত্ব, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং জনসেবার যে ঐতিহ্য রয়েছে, তা ধরে রাখতে তাঁর সন্তান মোঃ রেজাউল করিম সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। এখন দেখার বিষয়, আসন্ন নির্বাচনে ০৩ নং ভরাডোবা ইউনিয়নের ভোটাররা তাঁকে কতটা সমর্থন প্রদান করেন।



